বার্তা সংস্থা আবনা : আজ পয়লা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হচ্ছে হিজাব দিবস।
বিশ্বের হাজার হাজার মুসলিম ও এমনকি অনেক অমুসলিম নারী এ উপলক্ষে হিজাব তথা মাথাসহ শরীরকে ভালভাবে আবৃতকারী ঢিলে পোশাকের মত শালীন পোশাক পরার কর্মসূচি পালন করছেন।
এ নিয়ে পর পর দুই বছর আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে এই দিবস।
হিজাব যে মুসলিম নারীদের মানবাধিকারের অংশ তা সারা বিশ্বে ও বিশেষ করে পাশ্চাত্য বা পশ্চিমা দেশগুলোতে তুলে ধরা এবং পাশ্চাত্যে ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত আতঙ্ক, ঘৃণা ও বৈষম্যসহ মুসলিম নারীদের ওপর নানা ধরনের সীমাবদ্ধতা আরোপের বিষয়ে প্রতিবাদ জানানোও এই দিবস পালনের অন্যতম লক্ষ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
ফ্রান্সসহ পাশ্চাত্যের কোনো কোনো দেশে মুসলিম নারীদের হিজাব ও নেকাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা রয়েছে।
পবিত্র কুরআনে হিজাব পরতে তথা হাতের কব্জি ও পায়ের পাতা এবং মুখমণ্ডল ছাড়া পুরো শরীর ঢেকে রাখতে মুসলিম নারীদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। ইসলাম ধর্ম ছাড়াও অতীতে অন্য ধর্মগুলোর অনুসারী নারীরাও হিজাব পালন করতেন এবং এখনও ইহুদি ধর্মের অনুসারী অনেক নারী হিজাব পালন করেন।